দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৯ এএম, ২২ মে ২০২৬ শুক্রবার | আপডেট: ০৮:৩৩ এএম, ২২ মে ২০২৬ শুক্রবার
দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ সতর্কাবার্তা দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া রাজশাহী, পাবনা, ঢাকা, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এএইচ
