ঈদ ফিরতি যাত্রায় ১ জুনের ট্রেনের টিকিট মিলছে আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৯ এএম, ২২ মে ২০২৬ শুক্রবার | আপডেট: ০৮:৫১ এএম, ২২ মে ২০২৬ শুক্রবার
ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এর ধারাবাহিকতায় আগামী ১ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট মিলছে আজ।
শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
সূচি অনুযায়ী, সকালে রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।
ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৩১ মে'র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে। এ ছাড়া, ২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে।
আরও জানা গেছে, এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।
এএইচ
