ঢাকা, শনিবার   ২৩ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৮ ১৪৩৩

তিন ক্যাটাগরিতে ৩৩ মনোনয়নপত্র পেল বিসিবি নির্বাচন কমিশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪ পিএম, ২২ মে ২০২৬ শুক্রবার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য এই নির্বাচনের জন্য শেষ দিনে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। সবমিলিয়ে ৩৯টি মনোনয়নপত্র বিক্রি হলেও ৬টি জমা পড়েনি।

শুক্রবার (২২ মে) দিনভর মনোনয়নপত্র গ্রহণ শেষে সংবাদ সম্মেলনে রিটার্নিং অফিসার তাহেরুল হক জানান, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম জমা নেওয়া হয়েছে।

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা এবং বিভাগ থেকে ১৯টি মনোনয়নপত্র কেনা হলেও জমা পড়েছে ১৪টি। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে ৩টি করে, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ থেকে একটি করে এবং বরিশাল বিভাগ থেকে দুটি মনোনয়নপত্র দাখিল হয়েছে।

রাজশাহী, রংপুর ও সিলেট থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন একজন করে। এই তিন বিভাগ থেকে পরিচালকও হবেন একজন করে। এরমধ্যে রাজশাহী বিভাগ থেকে মীর শাহরুল আলম সীমান্ত, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমিন এবং সিলেট বিভাগ থেকে কাইয়ুম চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে, ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন একজন। ওই ক্যাটাগরিতেও নির্বাচিত হবেন একজন।  এই ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র দিয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন।

ক্যাটাগরি-২ থেকে অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৮ জন। এই ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র তুলেছিলেনও ১৮ জন। বিসিবি সভাপতি তামিম ইকবালও নির্বাচন করছেন এই ক্যাটাগরিতে।

এমআর//