ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে পাল্টা মামলা ছাত্রদলের
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার | আপডেট: ০৪:৫৫ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার
ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নামে পাল্টা মামলা দায়ের করেছে ছাত্রদল। মামলায় অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবীর।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী ঝিনাইদহ সফরে আসেন। সফর চলাকালে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা অবৈধভাবে সমবেত হয়ে ছাত্রদল ও বাদির ওপর হামলা চালায়। তারা দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে বাদিকে হত্যার হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী বিভিন্ন দল থেকে নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে অতিথি হিসেবে ঝিনাইদহে আসেন। দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ ক্যালেক্টরেট জামে মসজিদ থেকে নেতাকর্মীদের নিয়ে বের হন নাসিরুদ্দিন পাটোয়ারী। সেসময় তার উপর ইটপাটকেল ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।
ওই ঘটনায় নাসিরুদ্দিন পাটোয়ারীর উপস্থিতিতে ঝিনাইদহ সদর থানায় ছাত্রদলের ৮ নেতার নামে হামলা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। এনসিপি নেতা তারেক রেজা ওই মামলার বাদি।
এনসিপির দায়ের করা মামলা ও ঘটনার পরিপ্রেক্ষিতে আজ পাল্টা মামলা দায়ের করেছে ছাত্রদল।
এএইচ
