ঢাকা, শনিবার   ২৩ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার

খুলনা মহানগরী দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুঁটির ঘাট এলাকার মৎস্য ঘেরে ওমর ফারুক রা‌ব্বি (৩২) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদুল ইসলাম জানান, শনিবার দুপুরে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। 

পুলিশ জানায়, মাদক ব্যবসার বিরোধের জেরে খুন হতে পারে রাব্বি। সে মাদক কারবারির সাথে জড়িত ছিল। রাব্বি এলাকায় একজন ইয়াবা ব্যবসায়ী ছিল। বর্তমানে সে আরমান গ্রুপের সদস্য ছিল। 

ওসি আরো জানান, গতকাল শুক্রবার রাতে যেকোনো সময় তাকে প্রতিপক্ষ গুলি করে হত্যা করে ঘেরে ফেলে রেখে যায়। নিহত রাব্বি খানজাহান আলী থানার জাব্দীপুর এলাকার শাহ আলমের পুত্র।

তিনি আরও জানান, দীর্ঘদিন যাবত ওমর ফারুক রাব্বী মোস্তর মোড় এলাকার ভাড়া বাসায় বসবাস করতো। তার গ্রামের বাড়ী সাতক্ষীরা জেলায়। রাব্বির মাথায় ও বুকে গুলির চিহ্ন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

পুলিশ এ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে বলে জানায়।

এএইচ