হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৫ এএম, ২৪ মে ২০২৬ রবিবার | আপডেট: ১০:১৮ এএম, ২৪ মে ২০২৬ রবিবার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের সিক্রেট সার্ভিস সদস্যদের সাথে গোলাগুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
পেনসিলভানিয়া অ্যাভিনিউ এবং সেভেন্টিনথ স্ট্রিট নর্থওয়েস্টের মোড়ের কাছে এই ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা জানান, এক ব্যক্তি গুলি ছুড়ছেন—এমন খবর পায় সিক্রেট সার্ভিস। এরপর তাদের ইউনিফর্মড ডিভিশনের কর্মকর্তারা সেখানে গেলে এই গোলাগুলি হয়।
হোয়াইট হাউসের কাছে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান সিএনএনের সংবাদদাতারা। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তাদের এক সাংবাদিক কয়েক ডজন গুলির শব্দ শুনতে পেয়েছেন। ওই সময় সাংবাদিকদের ৪০ মিনিটের জন্য লকডাউনে রাখা হয়।
এরপরই সেখানে লকডাউন জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা।
ঘটনার সময় নর্থ লন এলাকায় থাকা সাংবাদিকদের দ্রুত হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সরিয়ে নেন নিরাপত্তাকর্মীরা। এ সময় সিক্রেট সার্ভিসের এজেন্টরা চিৎকার করতে থাকেন। তাঁরা হোয়াইট হাউসের ভেতরের সাংবাদিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেন।
গোলাগুলির সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাসভবনে ছিলেন এবং তিনি কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার হননি বলে জানিয়েছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।
সিএনএন বলেছে, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুসি উইলস, বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স হোয়াইট হাউজ থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই গুলির ঘটনা ঘটে।
এএইচ
