বিশেষ আদালতে ৭ দিনে শেষ হবে রামিসা হত্যার বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২৪ মে ২০২৬ রবিবার | আপডেট: ০২:৩৯ পিএম, ২৪ মে ২০২৬ রবিবার
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার বিশেষ আদালত বসিয়ে ৭ দিনের ভেতর শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অপরাধ সংঘটিত হওয়ার পর সরকার কোনও ছাড় দিচ্ছে না। ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যে মূল আসামিকে এবং পরদিন তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, গত রাতেই মামলার চার্জশিট (অভিযোগপত্র) প্রস্তুত হয়েছে এবং আজই তা আদালতে পেশ করা হচ্ছে। মামলার গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি আদালতের ছুটি বাতিলের বিষয়টি বিবেচনা করছেন এবং দ্রুত বিচারের জন্য একজন বিশেষ পিপি নিয়োগ দেওয়া হয়েছে। সরকার আশা করছে, আগামী সাত দিনের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আসলে সামাজিক অবক্ষয়, সামাজিক মূল্যবোধ। এখানে সমাজ সংস্কারের দরকার। যেখানে সামাজিক মূল্যবোধকে তুলে ধরা দরকার, আমাদের ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে, কালচারের ভিত্তিতে। কিন্তু কিছু কিছু অপসংস্কৃতির আছর আমাদের সমাজে পড়েছে। কিছু কালচার এমন হয়েছে, এটা অপসংস্কৃতির কারণে। ধর্ষণের মাত্রা বা ধর্ষণের যে অবস্থা, সংখ্যা, ঘটনা—এটা আমাদের সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে।
তিনি বলেন, আমরা কী করতে পারি? সরকার হিসেবে আমরা করতে পারি যে তার আইনানুগ ব্যবস্থা এবং বিচারের ব্যবস্থাটা নিশ্চিত করা। আমরা সবচাইতে মনোযোগ এখানেই দিয়েছি, দ্রুততম সময়ে যাতে অভিযুক্ত বা অপরাধীরা গ্রেপ্তার হয়। সেই জায়গায় আমরা এই তিন মাসে প্রত্যেকটি ঘটনায় সফল হয়েছি, ইনশাআল্লাহ। আর আল্লাহর রহমতে ভবিষ্যতেও আমরা এই জাতীয় যেকোনো ঘৃণ্য অপরাধের অভিযুক্ত বা অপরাধীদের কোনোভাবেই ছাড় দেবো না।
তিনি বলেন, আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট দেওয়া হবেই এবং খুব সম্ভবত পাঁচ থেকে সাত দিনের ভেতরে এই বিচার কার্য সমাপ্ত হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা অনেক আগেই ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের (প্রত্যর্পণ) জন্য আনুষ্ঠানিক পত্র পাঠিয়েছি। দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি ও আইনি প্রক্রিয়া মেনেই তাকে দেশে ফিরিয়ে এনে সুনির্দিষ্ট অপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে সরকার বদ্ধপরিকর।
এসময় আরও বক্তব্য রাখেন তথ্য অধিদপ্তরেরর প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
এএইচ
