মঠবাড়িয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবক খুন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৬ পিএম, ২৪ মে ২০২৬ রবিবার
পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক দুটি স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৪ মে) উপজেলার টিকিকাটা ইউনিয়ন ও ফুলঝুরি গ্রামে এ দুটি হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন— তৈরি পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৩০) এবং মোহাম্মদ ইউসুফ শরীফ (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলঝুরি গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোহাম্মদ ইউসুফ শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি ওই গ্রামের ফজলুল হক শরীফের ছেলে।
অভিযোগ রয়েছে, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আরাফাত শরীফ (৩০), তার স্ত্রী ফাতেমা আক্তার (২৪) এবং অজ্ঞাত আরও কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে ইউসুফের গলা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে উপজেলার ৬ নম্বর টিকিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজু হাওলাদার বাড়িতে নিজ শোবার ঘর থেকে আব্দুল কাইয়ুম নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কাইয়ুম ওই এলাকার জালাল হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় সাধনা ব্রিজ ও বড় ব্রিজ এলাকায় তৈরি পোশাকের ব্যবসা করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কাইয়ুমের স্ত্রী বাবার বাড়িতে থাকায় তিনি দুপুরে ঘরে একা ছিলেন। এসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহত কাইয়ুমের একটি সন্তান রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি মাদকাসক্ত ছিলেন। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
একই দিনে পৃথক দুটি হত্যাকাণ্ডের খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ফুলঝুরি গ্রামের হত্যাকাণ্ডটি জমিজমা বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া টিকিকাটা ইউনিয়নের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। দুই ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।
এমআর//
