ঢাকা, সোমবার   ২৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১০ ১৪৩৩

দামুড়হুড়া সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণসহ আটক ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯ পিএম, ২৪ মে ২০২৬ রবিবার | আপডেট: ১১:১৮ পিএম, ২৪ মে ২০২৬ রবিবার

চুয়াডাঙ্গার দামুড়হুড়া সীমান্তে অভিযান চালিয়ে সোয়া কোটি টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ বাপ্পি নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

রোববার (২৪ মে) সকাল ৯টার দিকে উপজেলার ডুগডুগি কলোনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বাপ্পি দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে।

বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে দামুড়হুড়া সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা চলছে। এমন তথ্যের ভিত্তিতে ডুগডুগি কলোনিপাড়া এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহল দল।

এসময় মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার সময় বাপ্পিকে থামার সংকেত দেওয়া হয়। তবে তিনি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা।

এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা এবং আটক ব্যক্তিসহ জব্দ মোটরসাইকেল দামুড়হুড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

এমআর//