ঢাকা, সোমবার   ২৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে গুলিবর্ষণ, চলছে অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫ এএম, ২৫ মে ২০২৬ সোমবার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে মুহুর্মুহু গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। খবর পেয়ে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান নেমেছে। 

রোববার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। তিনি বলেন, রোববার দিবাগত রাত ১টার পর জঙ্গল সলিমপুরে সদ্য প্রতিষ্ঠিত র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীরা মুহুর্মুহু গুলি বর্ষণ করেছে।

এই হামলার জন্য তিনি ইয়াসিন বাহিনীকে দায়ী করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে জঙ্গল সলিমপুর থেকে বিতাড়িত সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ হামলা চালিয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।

এছাড়া রাত ৩টায় যৌথ বাহিনী জঙ্গল সলিমপুর এলাকাটি ঘেরাও করেছে বলে জানান অভিযানে থাকা র‍্যাবের এক কর্মকর্তা।

চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক ধরে এগোলে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিপরীত দিকে একটি সড়ক ঢুকে গেছে পাহাড়ের ভেতরে। সেই পথেই শুরু সলিমপুর। জঙ্গল সলিমপুর ও আলীনগর, মূলত দুটি অংশে বিভক্ত এলাকাটি। 

জেলা প্রশাসনের তথ্যমতে, এখানে ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। প্রায় তিন দশক ধরে জঙ্গল সলিমপুর এলাকাটি নিয়ন্ত্রণ করে আসছে বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠী। এমনকি সন্ত্রাসীরা পাহাড় উচ্ছেদ করে মারাত্মক ক্ষতি করেছে পরিবেশের। 

এসব সন্ত্রাসীরা দেশের জলবায়ু উদ্‌বাস্তুদের স্বল্পমূল্যে পাহাড়ে ঘর করার সুযোগ করে দিত। আর নিজেরা ঘরে তুলেছে অস্ত্র এবং মাদকের সাম্রাজ্য।

গত ৯ মার্চ যৌথবাহিনীর (সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবি) অভিযানে সন্ত্রাসীরা জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ হারায়। সরকার জঙ্গল সলিমপুরে পুলিশ প্রশিক্ষণ একাডেমি, কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা তৈরির উদ্যোগ নিয়েছে।

এদিকে জানা যায়, ৯ মার্চের যৌথ অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা হলেও ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন, রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিন; মশিউর রহমান, নুরুল হক ভান্ডারি, গাজী সাদেক, গোলাম গফুরসহ কয়েকজন ‘সন্ত্রাসী’ এখনো পলাতক। 

এলাকাবাসী জানান, অভিযানের আগে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকা রোকনের দখলে আর আলীনগর এলাকা ইয়াসিনের দখলে ছিল।

এএইচ