ঝিনাইদহে গ্রেপ্তার এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ১১:৫৪ এএম, ২৫ মে ২০২৬ সোমবার
ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেফতার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন।
জামিনের পরে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
এর আগে সোমবার সকাল ১০টায় ঝিনাইদহ চিফ জুডিশ্যল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন আসামী পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন।
তবে একই মামলায় গ্রেফতার যুবশক্তি'র কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
রোববার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা শহরের ফ্যামিলি জোনে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হতে গেলে তাকে গ্রেফতার করে পুলিশ। রাতেই এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তি'র কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহের আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ।
বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেফতারে বিষয়ে পুলিশ বলছে, জান-মালের নিরাপত্তা দেওয়ার জন্য তাকে প্রথমে হেফাজতে নেওয়া হয়। পরে তার নামে মামলা থাকায় গ্রেফতার দেখানো হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (২২ মে) ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদি হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। ওই মামলার জেরে পরদিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির মামলা করেন।
এএইচ
