ঢাকা, মঙ্গলবার   ২৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩

জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, হামলাকারীরা যে ধরনের দুঃসাহস ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখিয়েছে, সেটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‍্যাব ও পুলিশের ওপর যে হামলা হয়েছে, সেটা আমরা খুব গভীরভাবে দেখছি। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। সেটা খুব শিগগিরই দৃশ্যমান হবে। এ থেকে অনুমান করতে পারি, দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসন ছিল না। দুর্বৃত্তায়নের একটা মহামারি ছিল।’ 

জঙ্গল সলিমপুরের অতীত পরিস্থিতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গল সলিমপুরকে আমরা রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেখেছি। সেটি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পেরেছি। যৌথ অভিযানে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে, দাগি আসামি গ্রেপ্তার হয়েছে।’ সেখানে পুলিশ একাডেমি, র‍্যাবের একাডেমি, ক্রীড়া কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনার পরিকল্পনা আছে বলেও জানান তিনি। 

অপরাধী চক্র আবারও সেখানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সন্ত্রাসীদের আড্ডা যেখানেই থাকুক, নির্মূল করা হবে। আমি এখনই পুরো পরিকল্পনা প্রকাশ করতে চাই না। তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না।

আসন্ন ঈদুল আজহার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উৎসবকে কেন্দ্র করে পুলিশ সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঈদের আগের সাত দিন থেকে পরের সাত দিন পর্যন্ত এই বিশেষ নজরদারি সেল সক্রিয় থাকবে। মহাসড়কগুলোতে দিনরাত ২৪ ঘণ্টা নজরদারির জন্য অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, পশুর হাট, এক্সপ্রেসওয়ে এবং যমুনা ও পদ্মা সেতুসহ বড় বড় সেতুগুলোতে বিশেষ নজরদারি থাকবে। দেশজুড়ে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি যেসব এলাকায় স্থায়ী ক্যামেরা নেই, সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ওর্ন (শরীরে পরিহিত) ক্যামেরা ব্যবহার করা হবে।

সড়ক নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত বছরগুলোর তুলনায় সামগ্রিকভাবে সড়ক দুর্ঘটনা কমেছে। তবে সাম্প্রতিক কিছু দুর্ঘটনা অসাবধানতার কারণে ঘটেছে। টোল প্লাজাগুলোতে যানজট প্রসঙ্গে তিনি আধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, এখন ম্যানুয়ালি টোল আদায় করা হচ্ছে। অনেক দেশে এটা স্বয়ংক্রিয় করা হয়েছে। বিষয়টি নিয়ে সরকার চিন্তা করছে।

পশুর হাটগুলোতে জাল নোটের ব্যবহার রোধে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের মাধ্যমে জাল নোট শনাক্তকরণ মেশিন বসানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, মিরপুরে মেট্রোরেল লাইনের নিচে অবৈধ পশুর হাট বসানোর চেষ্টার মতো যেকোনো ধরনের অবৈধ হাট কঠোরভাবে বন্ধ করা হচ্ছে।

ঈদুল আজহার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানি সম্পন্ন হওয়ার ২৪ ঘন্টার মধ্যে যেন সব বর্জ্য অপসারণ করা হয়, সে বিষয়ে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পৌরসভাগুলোকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনেও যারা কোরবানি দেবেন, তাদের জন্যও বিশেষ পরিচ্ছন্নতা ব্যবস্থা সচল থাকবে।

সীমান্তে গোলাগুলির ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের বিষয়গুলো সাধারণত দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি ও বিএসএফ) ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সমাধান করা হয়। এটি জাতীয় পর্যায়ের কোনো বড় উত্তেজনা নির্দেশ করে না।

লোথনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এখানে সব ধর্মের স্বাধীন আচার-অনুষ্ঠান নিশ্চিত করা হয়। উৎসব সুশৃঙ্খল করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সাভারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা রিপোর্ট এবং তথ্যটা দেন, আমরা এখনই ব্যবস্থা নেবো। তথ্যটা দেন, আমরা ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেবো। গত তিন মাসে যেসব জঘন্য অপরাধ হয়েছে, সেগুলোতে আমরা সময়মতো ব্যবস্থা নিয়েছি। এটাও করা হবে।

এমআর//