পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়,বাড়তি ভাড়ার অভিযোগ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:১৩ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার
পবিত্র ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দেখা দিয়েছে যাত্রী ও যানবাহনের উপচেপড়া ভিড়।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে পাটুরিয়া ফেরিঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
ঘরমুখো মানুষের চাপ বাড়ায় ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যানবাহনের যাত্রীরা। পাশাপাশি বিভিন্ন পরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেছেন যাত্রীরা।
বিআইডব্লিউটিসির তথ্যমতে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এছাড়া ৩৩টি লঞ্চে যাত্রী পারাপার অব্যাহত রয়েছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রায় ৪৫০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। সাদা পোশাকের পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন। পাশাপাশি ফায়ার সার্ভিস ও নৌপুলিশও প্রস্তুত রয়েছে।
এদিকে যাত্রীদের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ঢাকা থেকে পাটুরিয়া রুটে সাধারণ সময়ে ভাড়া ১৫০ টাকা হলেও বর্তমানে নেওয়া হচ্ছে ২০০ টাকা। যাত্রীদের দাবি, প্রতি ঈদেই অতিরিক্ত ভাড়া গুনে বাড়ি ফিরতে হয়।
সকালে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বেড়েছে। যাত্রীবাহী বাসের পাশাপাশি মহাসড়কে চলছে পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। তবে ঝুঁকি নিয়েই অনেক মানুষ মোটরসাইকেলে বাড়ি ফিরছেন।
মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, “নদীতে ২ নম্বর সতর্কসংকেত থাকায় সকালে কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ ছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা কাজ করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যার মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।”
বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি সবাই বলেননি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
এমআর//
