ঢাকা, বুধবার   ২৭ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩

ঢাকায় সিএনজিতে ছিনতাইয়ের শিকার একুশে টেলিভিশনের সংবাদকর্মী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১০:০২ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার

রাজধানীর পল্টন এলাকায় শেয়ারিং সিএনজিচালিত অটোরিকশায় ছিনতাইয়ের শিকার হয়েছেন একুশে টেলিভিশনের ডিজিটাল বিভাগের এক সংবাদকর্মী। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বিকাশ অ্যাকাউন্ট থেকেও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৬ মে) পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ভুক্তভোগী। 

জিডিতে উল্লেখ করা হয়, গত ২৪ মে রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে বাস না পেয়ে গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে একটি শেয়ারিং সিএনজিতে ওঠেন তিনি। ওই সিএনজিতে আগে থেকেই আরও তিনজন যাত্রী ছিলেন।

পরে রাত ১১টার দিকে পল্টন থানাধীন আহাদ পুলিশ বক্স সংলগ্ন ওভারব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজিতে থাকা অজ্ঞাতনামা চার ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে। এ সময় তার মানিব্যাগে থাকা ৪ হাজার টাকা এবং প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে মোবাইল নম্বর পুনরায় চালু করলে এসএমএসের মাধ্যমে তিনি জানতে পারেন, তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ১০ হাজার ১৮০ টাকা অন্য একটি নম্বরে সেন্ড মানি করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি আইনগতভাবে নথিভুক্ত করতে পল্টন থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

এ বিষয়ে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, “ভুক্তভোগী এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এমআর//