আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩৫ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে স্বাস্থ্য বিভাগ ও সিআইডির কর্মকর্তারা রয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল অনুবিভাগের যুগ্ম সচিবকে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৭ মে) দুপুরে মগবাজার আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ডা. প্রভাত বলেন, হাসপাতালে এতগুলো শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং স্পর্শকাতর। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল অনুবিভাগের যুগ্ম সচিবকে (হাসপাতাল) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা এই কমিটি খতিয়ে দেখবে। এছাড়া কোনো সমস্যা ছিল কি না, সেটিও দেখা হবে।
প্রভাত চন্দ্র বিশ্বাস আরও জানান, এ ঘটনার সার্বিক পরিস্থিতি দ্রুত উদঘাটনের জন্য কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে হাসপাতালের কোনো কর্মকর্তা বা চিকিৎসকের অবহেলা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান।
উল্লেখ্য, রাজধানীর মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। বুধবার (২৭ মে) ভোরে হাসপাতালের দ্বিতীয় তলায় পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এসির গ্যাসলাইনে লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। রমনা থানার পুলিশ বলছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।
এমআর//
