ঢাকা, বুধবার   ২৭ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১৩ ১৪৩৩

হাকিমি ও দিয়াজকে নিয়ে মরক্কোর বিশ্বকাপ দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২২ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

প্যারিস সেন্ট জার্মেইর আশরাফ হাকিমি ও রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজকে রেখে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে মরক্কো। 

স্কোয়াডে থাকা অধিকাংশ খেলোয়াড়ই সদ্য শেষ হওয়া আফ্রিকা কাপ অব নেশনসে অংশ নিয়েছিলেন। কোচ মোহাম্মদ ওয়াহবি তাদের ওপরই আস্থা রেখেছেন।

নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ফুলহ্যামের ডিফেন্ডার ইসা দিওপ, স্ত্রাসবুর্গের মিডফিল্ডার সামির এল মুরাবেত এবং ফরাসি বংশোদ্ভূত মরক্কোন আয়ুব বুয়াদ্দি। লিলের এই মিডফিল্ডার চলতি মাসের শুরুর দিকে ফ্রান্সের পরিবর্তে মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নেন।

গ্রুপ ‘সি’তে থাকা মরক্কো ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এই গ্রুপে আরও আছে স্কটল্যান্ড ও হাইতি।

স্কোয়াডে উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে আছেন- গোলরক্ষক হিসেবে সৌদি আরবের ক্লাব আল-হিলালের ইয়াসিন বুনু, ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার নুসাইর মাজরাউই, পিএসজির আশরাফ হাকিমি ও ফুলহ্যামের ইসা দিওপ।

মিডফিল্ডার হিসেবে আছেন, স্ত্রাসবুর্গের সামির এল মুরাবেত, লিলের আয়ুব বুয়াদ্দি, রোমার নিল এল আয়নাউই ও স্টুটগার্টের বিলাল এল খানোস।

ফরোয়ার্ডে আছেন, রিয়াল বেটিসের আবদেসামাদ ইজ্জালজুলি, সান্ডারল্যান্ডের চেমসেদিন তালবি, রিয়াল মাদ্রিদের ব্রাহিম দিয়াজ ও স্ত্রাসবুর্গের ইয়াসিন গেসিম।

এমআর//