বসুন্ধরা শপিং মল থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার
রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের লেভেল-৫ থেকে নিচে পড়ে গিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৪ টায় শপিং মলের ভেতরে থাকা শত শত ক্রেতা-দর্শনার্থীর চোখের সামনে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ করেই শপিং মলের ওপরের তলা থেকে কিছু পড়ার শব্দ পাওয়া যায়। এরপরই দেখা যায়, নিচে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। উপস্থিত লোকজন ও নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছেন। তবে ময়নাতদন্ত এবং তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে এটি আসলে আত্মহত্যা, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ডের কোনো ঘটনা।
জনবহুল এই শপিং মলে শত শত মানুষের সামনে এমন ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিসিটিভি ফুটেজ যাচাইসহ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এমআর//
