জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের মাংস বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ২৯ মে ২০২৬ শুক্রবার | আপডেট: ০৯:২৮ পিএম, ২৯ মে ২০২৬ শুক্রবার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। এ সময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।
আব্দুস সাত্তার ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৯ মে) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার প্রায় ১ হাজার ২০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করেন। পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সিরাজগঞ্জ পৌরবাসীর কাছে হাজী আব্দুস সাত্তার মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত। তাঁর গড়ে তোলা আব্দুস সাত্তার ফাউন্ডেশনের মাধ্যমে স্থানীয়ভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ফাউন্ডেশনটি নিয়মিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করে থাকে। এছাড়া সিরাজগঞ্জ শহরের বিভিন্ন সড়ক ও সড়কদ্বীপে বৃক্ষরোপণ কর্মসূচিও প্রশংসা কুড়িয়েছে।
ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা নিয়মিত সিরাজগঞ্জ সদর পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করে পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে ভূমিকা রাখছেন। জনকল্যাণে সড়ক মেরামত, শহরের স্পিড ব্রেকারে রং করাসহ নানা সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছে সংগঠনটি।
দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন হাজী আব্দুস সাত্তার।
এলাকায় ক্রীড়ামোদী হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি। যুবকদের মেধা বিকাশে নিয়মিত বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এমআর//
