আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২৯ মে ২০২৬ শুক্রবার | আপডেট: ০৫:৪২ পিএম, ২৯ মে ২০২৬ শুক্রবার
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণত্রুটির প্রমাণ পেয়েছে তদন্তসংশ্লিষ্টরা। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি শনিবার (৩০ মে) তাদের প্রতিবেদন জমা দেবে।
শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ এ তথ্য জানান।
এর আগে গত বুধবার সকালে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
জানা গেছে, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ওই সময় ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে এক মা ঠান্ডা অনুভব করায় নার্সকে এসি বন্ধ রাখতে অনুরোধ করেন। পরে প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখা হয়। তবে গরম অনুভূত হওয়ায় আবার এসি চালু করা হয়।
এর কিছুক্ষণ পর দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের এনআইসিইউতে নেওয়া হয়। ধীরে ধীরে আরও কয়েক শিশুর অবস্থার অবনতি ঘটে এবং সকালে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পোস্ট ডেলিভারি ওয়ার্ডে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় শিশুদের শারীরিক জটিলতা তৈরি হতে পারে। তবে স্বজনরা এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন।
ঘটনার কারণ অনুসন্ধান ও সম্ভাব্য অব্যবস্থাপনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
এমআর//
