ঢাকা, শুক্রবার   ২৯ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১৫ ১৪৩৩

ঢাবিকে নিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্যে সাদা দলের প্রতিবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ২৯ মে ২০২৬ শুক্রবার | আপডেট: ০৫:৫২ পিএম, ২৯ মে ২০২৬ শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’-এর সাথে তুলনা করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দেয়া বক্তব্যের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল।

শুক্রবার (২৯ মে) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। 

বিবৃতিতে সাদা দলের নেতৃবৃন্দ বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ও জাতির ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে এমন মন্তব্য চরম দায়িত্বজ্ঞানহীন, অবমাননাকর এবং দুঃখজনক।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানীয়। টাইমস হায়ার এডুকেশন (THE) এশিয়া র‍্যাংকিং অনুযায়ী এটি দেশের অন্যতম প্রধান গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীনে প্রায় ৫৬টি বিশেষায়িত গবেষণা কেন্দ্র ও ব্যুরো সক্রিয়ভাবে কাজ করছে। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কোপাস (Scopus) এবং ওয়েব অব সায়েন্স (Web of Science) ইনডেক্সড জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাপত্র প্রকাশ করছেন।

সাদা দলের নেতারা বলেন, অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনা করা এবং বিশ্ববিদ্যালয়টির গবেষণা কার্যক্রমকে খাটো করে দেখা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; বরং বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১/১১-পরবর্তী গণতান্ত্রিক আন্দোলন এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনেও বিশ্ববিদ্যালয়টির নেতৃত্ব ছিল উল্লেখযোগ্য।

বাংলা সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম ধারক হিসেবে পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহ্য প্রতিষ্ঠা ও বিকাশেও ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সীমিত বাজেট ও নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়টির অবদান দেশ-বিদেশে সমাদৃত।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় হলো কোচিং সেন্টার”-এ ধরনের মন্তব্য কোনো ইতিহাস সচেতন ও দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য হতে পারে না। একজন প্রতিমন্ত্রীর মুখে এমন বক্তব্য বিশ্ববিদ্যালয় পরিবার, সাবেক শিক্ষার্থী এবং দেশবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে। 

সংগঠনটির দাবি, অবিলম্বে এ মন্তব্য প্রত্যাহার করতে হবে, অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থী সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এমআর//