সিরাজগঞ্জে মসজিদ কমিটি ও ঈদের মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ১০
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ২৯ মে ২০২৬ শুক্রবার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কাবাড়িপাড়ায় মসজিদ কমিটি ও ঈদের মাঠের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ মে) দুপুরে কাবাড়িপাড়া শাহী জামে মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ কমিটি ও ঈদের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে উত্তরপাড়ার বশির উদ্দিনের ছেলে শাহিদুল ইসলাম এবং দক্ষিণপাড়ার নসের শেখের ছেলে রবিউল শেখ গুরুতর আহত হন। তাঁদের মাথায় আঘাত লাগে। এ ছাড়া আরও অন্তত আটজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এমআর//
