‘ডোনাল্ড ট্রাম্প’মহিষের নামের বানান ভুল, বদলি হলেন চিড়িয়াখানার কিউরেটর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ৩০ মে ২০২৬ শনিবার | আপডেট: ০৮:৩১ পিএম, ৩০ মে ২০২৬ শনিবার
জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর নামের বানান ভুল নিয়ে বিতর্কের জেরে চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, চিড়িয়াখানার তথ্যফলকে ‘ডোনাল্ড ট্রাম্প’-এর পরিবর্তে ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা নিয়ে সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি সরকারের উচ্চপর্যায় পর্যন্ত গড়ায়। এরপর বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে।
এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ডা. মো. আতিকুর রহমানকে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সমমান) পদে বদলি করা হয়েছে। তাকে ঢাকাস্থ লিভস্টক, ভেটেরিনারি অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট (এলভিডিডি) রিভাইভড প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যদিকে এলভিডিডি রিভাইভড প্রকল্পে কর্মরত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (সমমান) ডা. মো. হাবিবুর রহমানকে বদলি করা হয়েছে জাতীয় চিড়িয়াখানা, মিরপুরের নতুন কিউরেটর হিসেবে। তবে, মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি। সেখানে জনস্বার্থে এ রদবদল করা হয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, ঈদুল আজহার সময় আলোচনায় আসা বিরল অ্যালবিনো মহিষটি কোরবানির হাটে ব্যাপক সাড়া ফেলার পর সরকার সেটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় এবং জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করে। তবে প্রদর্শনী বোর্ডে নামের ভুল বানান প্রকাশ্যে আসার পর শুরু হয় ট্রল ও সমালোচনা।
পরে কর্তৃপক্ষ নামফলক পরিবর্তন করে ‘সাদা মহিষ’ নাম ব্যবহার করে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, আন্তর্জাতিকভাবে আলোচিত প্রাণীর নাম ভুলভাবে উপস্থাপন করায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আর সেই বিতর্কই এই প্রশাসনিক রদবদলের মূল কারণ।
এমআর//
