কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ৩১ মে ২০২৬ রবিবার
কুষ্টিয়ার মিরপুরে সেনাসদস্যদের বহনকারী বাসের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এতে সেনাসদস্যসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন।
রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার তালবাড়িয়া হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহতরা জানান, একটি ভাড়া করা বাসে প্রশিক্ষণরত সেনাসদস্যরা বগুড়া থেকে খুলনা যাচ্ছিলেন। ঘটনাস্থলে খুলনা থেকে ছেড়ে আসা হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাসদস্যদের বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এরপর স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে আহত একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম জিয়া। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করতেন।
আহত সেনাসদস্যরা জানান, তারা বর্তমানে সেনাবাহিনীতে প্রশিক্ষণরত। ঈদুল আজহার ছুটিতে তারা বাড়িতে গিয়েছিলেন। ছুটি শেষে একটি ভাড়া করা বাসে করে খুলনার জাহানাবাদ সেনানিবাসে ফিরছিলেন। ওই বাসে মোট ৪২ জন সেনাসদস্য ছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী বাসটি। এতে তারা কমবেশি সবাই আহত হন। সেনাসদস্যদের অন্তত ১০ জনকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
খবর পেয়ে আহতদের দেখতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যান কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) জসীম উদ্দীন। এ সময় তিনি বলেন, সেনাসদস্যরা নতুন রিক্রুট; তারা প্রশিক্ষণরত অবস্থায় রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
এমআর//
