শপিংমল-মার্কেটের সময়সূচি পুনর্বহাল, সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৭ পিএম, ১ জুন ২০২৬ সোমবার | আপডেট: ১০:১০ পিএম, ১ জুন ২০২৬ সোমবার
বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান পূর্ববর্তী সময়সূচি পুনর্বহাল করে সোমবার (১ জুন) থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
একই সঙ্গে সকল বিলবোর্ডের বাতি এবং চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা এবং বিলবোর্ডের বাতি ও বিভিন্ন মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান একই সময়ের মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।
বর্তমানে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পূর্বের সময়সূচি পুনর্বহাল করে আজ থেকে রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি সকল বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এমআর//
