ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ৫
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৪ এএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১১:২৭ এএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দিলে পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশুসহ তিনজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), শহিদুল ইসলামের ছেলে আরিফ ইসলাম (২৪), রাকিব (১৮) এবং অজ্ঞাত পরিচয়ের প্রাইভেটকার চালক (২৫)।
আহতরা হলেন আশরাফুল হোসেন (৭), তাছফিয়া (৩) ও আরও একজন। তাদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী প্রাইভেটকারটি মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় গ্যাসভর্তি অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। নিহত চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার আবু জাফর বলেন, ভোর সাড়ে ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়। প্রাইভেটকারের চালক গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন। পরে গাড়ির কিছু অংশ কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।
এমআর//
