বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৩২ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার
জোরপূর্বক শ্রম বন্ধে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ অন্তত ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
আইনি জটিলতা কাটিয়ে শুল্ক নীতি পুনর্গঠনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় এই প্রস্তাব করেছে।
বুধবার (৩ জুন) ভোরে প্রকাশিত ইউএসটিআর-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জোরপূর্বক শ্রম সংক্রান্ত তদন্তের পরিপ্রেক্ষিতে কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, বাংলাদেশ, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান এবং যুক্তরাজ্য থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাণিজ্য সংস্থাটি আরও জানিয়েছে, তদন্তাধীন বাকি ৪৫টি দেশের ওপর অতিরিক্ত ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
তবে এই নতুন শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। এটি বর্তমানে জনসাধারণের মতামত এবং পর্যালোচনার অধীনে রয়েছে।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কার্যকর হলে, সুপ্রিম কোর্টের আরোপিত সীমাবদ্ধতা এড়িয়ে শুল্ক আরোপের সুযোগ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।
এমন সময়ে এ প্রস্তাব দেয়া হলো, যখন ট্রাম্প প্রশাসন তার জরুরি শুল্ক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টের এক রায়ে ওই শুল্কব্যবস্থা বাতিল হয়েছিল।
সূত্র: রয়টার্স
এএইচ
