স্বামীর মরদেহ আনতে গিয়ে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ০২:০১ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার
ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে স্বামী ইসমাইল হোসেনের মরদেহ আনতে গিয়ে অ্যাম্বুলেন্স-বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে স্ত্রী জাহানারা বেগম (৫৫)সহ দু’জন নিহত হয়েছেন। এসময় আরও ৫ জন আহত হন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল-কালনা মহাসড়কের বাদশার গ্যারেজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপরজন হলেন অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২)। নিহত জাহানারা বেগমের বাড়ি যশোরের মাহিদিয়া গ্রামে। অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন লক্ষীপুরের পূর্বচককলাপোতা গ্রামের আঃ হাশেমের ছেলে।
আহতদের যশোরে মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে যশোরের মাহেদিয়া গ্রামের জাহানারা বেগম তার স্বামী ইসমাইল হোসেনের মরদেহ অ্যাম্বুলেন্সে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন নড়াইল-কালনা মহাসড়কের বাদশার গ্যারেজ নামক স্থানে পৌঁছালে কালনাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নুরজাহান বেগম নিহত হন।
আহত ৫ জনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য আহতদের যশোরে প্রেরণ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএইচ
