ঢাকা, বুধবার   ০৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩

অরক্ষিত বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল ৫ গরু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরু মারা গেছে। 

বুধবার (৩ জুন) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের চকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে স্থাপিত ঝুঁকিপূর্ণ বাঁশের খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হলে মাঠে ঘাস খেতে যাওয়া গরুগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। 

স্থানীয়দের সতর্কতায় আরও কয়েকটি গরু রক্ষা পায়।

ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ দাবি করেছেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণে কোনো ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

কালিহাতী থানার ওসি জে এম তৌফিক আজম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এএইচ