ঢাকা, বুধবার   ০৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়-এলজিআরডি মন্ত্রী  মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে, তবে কিছু গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এজন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি। 

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবসৃষ্ট রুহিয়া উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উপজেলা উদ্বোধন শেষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য ও আহবান জানান ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। সরকারের বয়স মাত্র তিন মাস। এই অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। কিন্তু একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এজন্য সবাইকে তিনি এ ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও জেলার উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ঠাকুরগাঁও সদরের রুহিয়া ও ভূল্লীকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া ঠাকুরগাঁওবাসীর বহুল প্রত্যাশিত মেডিকেল কলেজ স্থাপনের কাজ এগিয়ে চলছে, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে এবং পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, জেলার অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়নসহ নানা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌ ও সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এএইচ