সাভারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৬ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার | আপডেট: ১১:০৮ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার
সাভারে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আল আমীনের নেতৃত্বে একটি দল বুধবার (৩ জুন) দুপুরে বিরুলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে বিরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, মঙ্গলবার (২ জুন) রাতে ডিবি পুলিশ আশুলিয়ার ধামসোনা এলাকায় অভিযান চালিয়ে ৮ নম্বর ওয়ার্ড ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম মেম্বার (৫৫) এবং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করে।
ডিবি সূত্র জানায়, আব্দুল হালিম মেম্বারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত দুটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। এছাড়া সোহেল মোল্লার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমআর//
