ঢাকা, বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩

হাম ও হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও তিন শিশু মারা গেছে। আর নিশ্চিত হামে মারা গেছে এক শিশু।

বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫১৪ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯১ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬০৫।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১৩৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৭৫ হাজার ৭০৮।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৬৯। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৯ হাজার ২৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৭ হাজার ৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ঢাকা বিভাগে মারা গেছে একজন। অন্যদিকে হামের উপসর্গে যে তিনজন মারা গেছে, তারা সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের।

এমআর//