ঢাকা, শুক্রবার   ০৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩

ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনি, হাসপাতালে অভিযুক্তের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:০৫ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশুটিকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ কক্ষে নিয়ে যাওয়ার পর ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করেন। এ সময় ক্ষুব্ধ জনতা তাকে আটক করে মারধর করে।

গুরুতর আহত অবস্থায় বিল্লালকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পেশায় রিক্সা চালক বিল্লাল হোসেন মাগুরার মহম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত উল্লাহর ছেলে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাটিয়েছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোকুল চন্দ্র জানান, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আবাসনের বাসিন্দারা বিল্লালকে মারধর করেন। অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে শিশুটির পরিবার সদর থানায় বিল্লালকে অভিযুক্ত করে নারী-শিশু নির্যাতন আইনে মামলা করে। পরবর্তীতে বিল্লাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমআর//