ঢাকা, শুক্রবার   ০৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

দিল্লির হোটেলে আগুনে আহত এক বাংলাদেশির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ৫ জুন ২০২৬ শুক্রবার

ভারতের রাজধানী নয়া দিল্লির মালবীয় নগরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে কুমিল্লার চৌদ্দগ্রামের এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া এবং নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন জানায়, গত বুধবারের ওই অগ্নিকাণ্ডে সাতটি দেশের ২২ জন মানুষ প্রাণ হারিয়েছে। তাদেরই একজন ৪৪ বছর বয়সী বাংলাদেশি নাগরিক মো. নুরুল আমিন।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে মিশন থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, নিহতের মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হাইমিশন জানায়, গত ৩ জুন সংঘটিত ওই অগ্নিকান্ডে দুটি বাংলাদেশি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবার দুটি নয়াদিল্লির কাছাকাছি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং ওই হোটেলেই অবস্থান করছিলেন।

ভারতের রাজধানীতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে হাইমিশন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন সব বাংলাদেশি নাগরিককে দেখতে যান। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রোগীদের সার্বিক সহযোগিতা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় হাইকমিশনের কর্মকর্তারা সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করছেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা, সহায়তা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ হাইমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।

এমআর//