ঢাকা, শুক্রবার   ০৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

পদ্মা নদীতে উল্টে পড়ল ট্রাক্টর, চালকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ৫ জুন ২০২৬ শুক্রবার

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদী থেকে ট্রাক্টরসহ চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নদীর তীরবর্তী আমন ধানের জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে নদীতে পড়ে জয় বিশ্বাস (২০) নামে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাট গ্রামের পদ্মা নদীর পাড় থেকে ওই চালকের লাশ উদ্ধার করা হয়।

নিহত জয় বিশ্বাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের গোলাম আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জয় বিশ্বাস বালুরঘাট গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ট্রাক্টরের চালক ছিলেন। গত দুই দিন ধরে তিনি ওই ট্রাক্টর দিয়ে কৃষিজমিতে চাষাবাদের কাজ করছিলেন। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১টার দিকে নদীর তীরবর্তী একটি জমিতে তিনি ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পদ্মা নদীতে ডুবে যায়। এতে ট্রাক্টরের নিচে আটকা পড়েন চালক জয় বিশ্বাস। রাতে তার সাথে অন্য কেউ না থাকায় বিষয়টি তখন কেউ জানতে পারেনি।

শুক্রবার (৫ জুন) সকাল ৮টার দিকে নদীতে ট্রাক্টরের চাকা ও অন্যান্য অংশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। এরপর বেলা ১১টার দিকে জয় বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়।

চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ট্রাক্টরটি নদীর পাড়ে কিছুটা তলিয়ে গিয়েছিল, পুরোটা ডুবে যায়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা ধারণা করছি চালকের ঘুম এসে যাওয়ায় কিংবা নদীর পাড়ের মাটি ভেঙে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিশ্বাস বলেন, ‘আমরা লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। তাদের সাথে আলাপ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এমআর//