ঢাকা, শনিবার   ০৬ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিনামূল্যে দাঁতের চিকিৎসার ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩ পিএম, ৫ জুন ২০২৬ শুক্রবার

ফুটবলপ্রেমী আর্জেন্টিনা সমর্থকদের জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরীফ হোসাইন।

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের খেলার দিনগুলোতে তিনি সমর্থকদের জন্য ব্যক্তিগত চেম্বারে বিনামূল্যে চিকিৎসা সেবা ও দন্ত চিকিৎসায় বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৭টায় তার ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি আর্জেন্টাইন সমর্থকদের জন্য এ ঘোষণা দেন। ডাক্তার শরিফ হোসাইন জেলার তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন।

ফেইসবুক পোস্টে তিনি জানান, আর্জেন্টিনার খেলা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে তার ব্যক্তিগত চেম্বারে সমর্থকদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।

ঘোষণা অনুযায়ী, আর্জেন্টিনার জার্সি পরে অথবা দলটির সমর্থক পরিচয়ে তার চেম্বারে আসা রোগীরা সম্পূর্ণ বিনা ভিজিটে দাঁত ও মুখের বিভিন্ন রোগের পরামর্শ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি দন্ত চিকিৎসার ক্ষেত্রেও বিশেষ ছাড় দেয়া হবে।

ডা. শরীফ হোসাইন বলেন, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। সেই আনন্দের অংশীদার হতে আমি আর্জেন্টিনা সমর্থকদের জন্য এ বিশেষ সুবিধার ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, আসুন, আমরা সবাই আমাদের প্রিয় দলকে সমর্থন করি, পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও সুন্দর হাসিরও যত্ন নিই। সুস্থ ও সুন্দর হাসিই আমাদের কাম্য।

তার এই ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেক আর্জেন্টিনা সমর্থক উদ্যোগটিকে অভিনব ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। ফুটবলকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নানা ধরনের অফারের মধ্যে একজন চিকিৎসকের এমন উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এমআর//