বিয়ের ৪ দিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ০৮:০৩ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার
বিয়ের ৪ দিনের মাথায় বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমুন ইসলাম সাগর (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চরএলাহী বাজার থেকে প্রজেক্ট এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর একই এলাকার সৌদি আরবপ্রবাসী বেলাল হোসেনের ছেলে।
নিহত যুবকের স্বজনেরা জানান, গত মঙ্গলবার নিজের খালাতো বোনকে বিয়ে করেন সাগর। বিয়ের পর স্ত্রীকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে নিয়ে আসেন তিনি।
শুক্রবার রাতে বন্ধু রিফাতকে বাড়ি পৌঁছে দিতে একই মোটরসাইকেলে রওনা হলে পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সাইমুন ও তাঁর বন্ধু রিফাত গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক সাইমুনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ভোরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আহত রিফাত বর্তমানে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলার চরএলাহী ইউনিয়নে পারিবারিক কবরস্থানে সাগরের লাশ দাফন করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো নুরুল হাকিম বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এএইচ
