অবশেষে রাতের আধারে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ০৪:১০ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার | আপডেট: ০৪:২৩ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার
অবশষে তিনদিন পর রাতের আধারে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মাশালগাও সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জন নারী-শিশু ও পুরুষকে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে দেশটির সীমান্তরক্ষী বিএসএফ।
বিজিবি ও স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত তিনটার দিকে হঠাৎ সীমান্তের সকল লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এসময় চারিপাশ গভীর অন্ধকারে তলিয়ে যায়। কিছু সময় পর আবার লাইটগুলো জ্বলে উঠলে দেখা যায়, শুন্য রেখায় থাকা ১১ জন নাগরিক সেখানে নেই।
তবে তাদের সাথে থাকা ব্যাগ, কাপড়চোপড়সহ অন্যান্য মালামাল সেখানে পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, সীমান্তের লাইটগুলো বন্ধ করে দিয়ে অন্ধকারের মধ্যে খুব দ্রুত পুশইনকৃতদের সরিয়ে নেওয়া হয়েছে।
বিজিবি জানায়, তারা সতর্ক অবস্থায় রয়েছে এবং আবারও বিএসএফ তাদের পুশইন করার চেষ্টা করলে প্রতিহত করা হবে।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৩টায় তাদের পুশইন করার চেষ্টা করা হয়েছিল কিন্তু বিজিবির বাধার মুখে ১১ জনকে ৪৮ ঘন্টা প্রখর রোদে সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রাখে বিএসএফ। এদের মধ্যে ৩ জন শিশু, ৪ জন নারী ও ৪ জন পুরুষ ছিল। তাদের মধ্যে ৯ মাসের অন্ত:সত্বা একনারী, প্রতিবন্ধী এক শিশু ও এক বৃদ্ধ ছিলেন।
শেষ পর্যন্ত তাদের পরিণাম কি হয়েছে জানাতে পারেননি বিজিবি ও স্থানীয়রা।
এএইচ
