ঢাকা, মঙ্গলবার   ০৯ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩

পদত্যাগ করলেন বিসিবির নবনির্বাচিত পরিচালক মীর শাকরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার | আপডেট: ০৯:১৪ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র নতুন পরিচালনা পর্ষদ গঠনের ২৪ ঘণ্টাও হয়নি। এরই মধ্যে পদত্যাগ করলেন রাজশাহী থেকে নির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন।

আজ সোমবার (৮ জুন) নতুন বোর্ডপ্রধান তামিম ইকবাল বরাবর পদত্যাগপত্র জমা দেন বগুড়ার এই ক্রীড়া সংগঠক। 

গতকাল রোববার বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পরদিনই আজ পদত্যাগের সিদ্ধান্ত নিলেন নির্বাচিত পরিচালক মীর সীমান্ত।

পদত্যাগপত্রে মীর সীমান্ত লিখেছেন, ‘বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছি। তবে আমার বাবা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার ওপর ন্যস্ত রয়েছে। এ কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা আমার পক্ষে সম্ভব হবে না।’

আরও উল্লেখ করেছেন, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির (তামিম ইকবাল) প্রতি অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, ক্ষমতাসীন বিএনপি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে মীর সীমান্ত। মীর শাহে আলম নতুন দায়িত্ব নেওয়ার পর পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান ও লিমিটেড কম্পানির শেয়ারসহ সার্বিক দায়িত্ব পালন করছেন তার ছেলে মীর সীমান্ত।

বর্তমানে একাধিক ফিলিং স্টেশন, অটো রাইস মিল, পুষ্টি চালের কার্নেল ফ্যাক্টরি, আয়োডিন ফ্যাক্টরি, পুষ্টি মিশ্রণ ফ্যাক্টরি, মিনি কোল্ড স্টোরেজ, কৃষি খামার, প্রাণী খামার, ফ্লাওয়ার মিলসহ আরো কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান সরাসরি তদারকি করছেন মীর সীমান্ত।

এএইচ