নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তলসহ জামায়াত কর্মী গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ৯ জুন ২০২৬ মঙ্গলবার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও রেজিস্ট্রেশনবিহীন রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) রাতে বেগমগঞ্জ থানার বাংলাবাজার থেকে গোপালপুরগামী সড়কের গোপালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচালিত একটি চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক মো. আব্দুর রহমান রাহিম (২১) বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ (ভূঁইয়া বাড়ি) এলাকার জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে মোটরসাইকেল আরোহী রাহিমকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে থাকা তিনটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত মোটরসাইকেলটির কোনো রেজিস্ট্রেশন না থাকায় সেটিও জব্দ করা হয়।
নোয়াখালী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান (বেগমগঞ্জ সার্কেল) বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, সে বিষয়ে তদন্ত চলছে।
এএইচ
