ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

ভারত-বাংলার একই আকাশ, একই বাতাস, একই স্বপ্ন: দীনেশ ত্রিবেদী

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ১২ জুন ২০২৬ শুক্রবার | আপডেট: ০৫:৪২ পিএম, ১২ জুন ২০২৬ শুক্রবার

আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ। আমরা মিলেমিশে কাজ করব। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু সীমান্তের নয়। বাংলার মানুষের স্বপ্নের সঙ্গেও আমরা যুক্ত, মন্তব্য করেন তিনি।

শুক্রবার বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এভাবেই দুই দেশের সম্পর্ক নিয়ে মন্তব্য করেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, আমাদের পপুলেশন আছে ১৪০ কোটি। তার সাথে ২০ কোটি এ্যাড করেছি। ১৬০ কোটি। আমি এখানে যা করতে চাই তা সব এক সঙ্গে হবে। আলাদাভাবে ভাবছিনা। দেখছেন না আমি হেঁটে চলে আসছি। একই আকাশ একই বাতাস একই। আমরা মিলেমিশে ভিসার সমাধান করবো। শুধু অভিন্ন সীমান্ত নেই, অভিন্ন স্বপ্নও আছে। আমাদের আকাশ এক, বাতাস এক, চ্যালেঞ্জও অনেক ক্ষেত্রে এক। তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। ভালোবাসা আর পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।

হাইকমিশনার হিসেবে নিজের অগ্রাধিকারের প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, আমার একমাত্র অগ্রাধিকার হলো বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক। আমরা সবাই ভাই-বোন। আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। প্রয়োজন শুধু ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতা। তাহলেই সব সমস্যার সমাধান সম্ভব। বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু সীমান্তের নয়। বাংলাদেশের মানুষের স্বপ্নের সঙ্গেও আমরা যুক্ত। যারা আমাদের ভাই-বোন ও মা—তাদের কল্যাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারত দুটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ। দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়লে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতেও রূপ নিতে পারে। তিনি যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহের কথাও তুলে ধরেন।

টুরিস্ট ভিসা চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তাঁর বিবেচনায় রয়েছে এবং এমন একটি উদ্যোগ নেওয়া হবে যাতে সবাই সন্তুষ্ট হয়। তিনি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের ঢাকাস্থ দূতাবাসে যোগ দিতে বাংলাদেশে এসেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম নবনিযুক্ত কোন ভারতীয় হাইকমিশনার সড়ক পথে বাংলাদেশে আসলেন।

আজ শুক্রবার (১২ জুন) বেলা ১২টার দিকে যশোরের বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও তাঁর সহধর্মিণী মিসেস মিনাল ত্রিবেদী বাংলাদেশে প্রবেশ করেন।

এ সময় বেনাপোল চেকপোস্টে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে নতুন হাইকমিশনারকে স্বাগত জানাতে ভারপ্রাপ্ত হাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধে এবং সেকেন্ড সেক্রেটারি গৌরব আগরওয়াল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল অফিসার আরিফ মাহমুদ উপস্থিত থেকে নবনিযুক্ত হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত ও নোম্যান্সল্যান্ডে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার খান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, কাস্টমসের সহকারী কমিশনার অঢল গোস্বামী, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা আলী, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

ভারতীয় হাইকমিশনার বেনাপোলে প্রবেশের পর ইমিগ্রেশন ও প্রটোকল কার্যক্রম সম্পন্ন করা হয় এবং সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের সড়ক পথে ঢাকা নিয়ে যাওয়া হয়। 

এএইচ