ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১২ জুন ২০২৬ শুক্রবার
রাজধানীতে ছিনতাইকারীদের কবলে পড়ে আহত সোহেলি ইসলাম (৪২) মারা গেছেন। ছিনতাইকারীর টানাহেঁচড়ায় চলন্ত রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান সোহেলি। রক্তক্ষরণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে গত রোববার সকাল সোয়া ছয়টায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
গতকাল বিকালে নানাবাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী এলাকায় তাঁর দাফন সম্পন্ন হয়।
সোহেলি ইসলাম এসকেএফ ওষুধ কোম্পানিতে মেডিক্যাল সার্ভিস অফিসার পদে চাকরি করতেন। ঢাকার ধানমন্ডির গ্রীন রোড–সংলগ্ন একটি ভাড়া বাসায় মেয়েকে নিয়ে থাকতেন। একমাত্র মেয়ে সুমাইয়া আলম বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে স্নাতকের শিক্ষার্থী। মাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।
জানা যায়, পার্বতীপুরে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে গত শনিবার (৬ জুন) রাত ৯টার বাসে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। রোববার ভোর পাঁচটায় গাবতলী এলাকায় নেমে কাউন্টারে অপেক্ষা করছিলেন। প্রায় ঘণ্টাখানেক পর রিকশা নিয়ে বাসার উদ্দেশে রওনা হন।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গেট পার হলে তাদের রিকশায় পাশ দিয়ে একটি মোটরসাইকেলে মাথায় হেলমেট পরা দুই ছিনতাইকারী যাচ্ছিল। হঠাৎ মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি সোহেলির হাতে প্যাঁচানো ভ্যানিটি ব্যাগ ধরে টানা দেন। একপর্যায়ে চলন্ত রিকশা থেকে পড়ে যান সোহেলি। এতে তার ডান হাত ভেঙে যায়, মাথার পেছনে গুরুতর আঘাত পান। কান দিয়ে রক্ত পড়তে শুরু করে।
এরপর স্থানীয় কয়েকজনের সহায়তায় মাকে হাসপাতালে ভর্তি করেন মেয়ে। সেখান থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি।
এএইচ
