ঢাকা, রবিবার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

পাখির বাচ্চা ধরতে গিয়ে গাছের গর্তে আটকে গেল হাত, ৫ ঘণ্টা পর উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার | আপডেট: ০৩:৩৮ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

নেত্রকোণার আটপাড়া উপজেলার সোনাজুর গ্রামে পাখির বাচ্চা ধরতে গিয়ে একটি গাছের গর্তে হাত আটকে যায় এক কিশোরের। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া কিশোরের নাম জারিফ মিয়া (১১)। সে উপজেলার সোনাজুর গ্রামের সোহেল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জারিফ একটি গাছে উঠে পাখির বাচ্চা ধরার চেষ্টা করছিল। একপর্যায়ে সে গাছের মগডালে ওঠে গর্তে হাত ঢোকালে হাত আটকে যায়। পরে নিজে এবং আশপাশের লোকজন বিভিন্নভাবে চেষ্টা করেও তার হাত বের করতে পারেননি। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

খবর পেয়ে আটপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তারা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর জারিফকে নিরাপদে উদ্ধার করা হয়।

নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেনের দিকনির্দেশনায় উদ্ধার অভিযান পরিচালিত হয়। উদ্ধারের পর জারিফের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

এএইচ