রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ০৬:২৭ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার
চট্টগ্রামের রাউজান উপজেলায় দিন-দুপুরে প্রকাশ্যে গুলি করে এক যুবদল নেতা মাসুদ উল হক চৌধুরীকে হত্যা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার দুপুরের দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।
মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়।
এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ লোকজন এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে মিছিল-স্লোগান দিয়ে যাচ্ছেন। এ ছাড়াও চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী অংশে অবরোধ করে বিক্ষোভ করছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা দেড়টার দিকে মাসুদুল হক বাজারের একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচ থেকে সাতজন অস্ত্রধারী এলাকাটিতে আসে। এরপর মাকসুদুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে অটোরিকশা করেই ঘটনাস্থল ত্যাগ করে তারা। এতে মাকসুদুলের মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলি লেগেছে। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
নিহত মাসুদ উল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। তার বড় ভাই স্বপন চৌধুরী বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। মাসুদ বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। খুব দ্রুত হত্যাকারীকে আটক করা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর রাউজান উপজেলায় ২৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী বলে বলে জানান সিএমপি কমিশনার।
এএইচ
