ঢাকা, রবিবার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

অবসরে যাওয়া শিক্ষকদের বকেয়া জুলাই থেকে প্রদান করা হবে: শিক্ষামন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২১ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার | আপডেট: ১০:০১ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

কল্যাণ ট্রাস্ট ও উৎসব ভাতার তহবিল থেকে বিগত সময়ে সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। যার ফলে ২০২২ সালের পর অবসরপ্রাপ্ত অনেক শিক্ষক তাঁদের প্রাপ্ত সুবিধা পাননি। বর্তমানে বঞ্চিত প্রায় ৬৫ হাজার শিক্ষককে চলতি বছরের জুলাই মাসের শেষ দিকে ন্যূনতম ১ লাখ টাকা করে প্রদান শুরু হবে এবং পর্যায়ক্রমে সব বকেয়া পরিশোধ করা হবে।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’র  উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

এছাড়া বর্তমানে ৫০ শতাংশ হারে দেওয়া উৎসব ভাতা ধাপে ধাপে শতভাগে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

শিক্ষামন্ত্রী জানান, সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেটে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বলে জানিয়েছেন মন্ত্রী। 

তিনি বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও শিক্ষাকে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং ভবিষ্যতে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে সরকার কাজ করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে আগামী জুলাইয়ে দেশের প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হবে। এছাড়া শিক্ষার মানোন্নয়নে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের পাশাপাশি খেলাধুলা ও বিতর্ক ক্লাব চালুর ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী শিগগিরই সারা দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে 'মিড-ডে মিল' চালু করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।

সোনারগাঁ উপজেলায় নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়টির সভাপতি ড. নুসরাত ফাতেমা স্বাগত বক্তব্য রাখেন।

এএইচ