অভিনেত্রীকে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার
রাজধানীতে একটি হাসপাতাল ভবনের ওপর থেকে ফেলে আসমা ঝিলিক নামে এক অভিনেত্রীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
এ ঘটনায় শনিবার (১৩ জুন) একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবার (১২ জুন) রাজধানীর ধানমন্ডির এক বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত আসমা ঝিলিক নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ ছিলেন। তিনি শাকিব খান অভিনীত ‘রংবাজ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া তিনি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। অনেকগুলো সিনেমাতেও অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ ছিলেন ঝিলিক। পাশাপাশি তার বেশকিছু সিনেমা নির্মাণাধীন রয়েছে।
ঘটনার পর নিহতের স্বামী সাইফুল্লাহকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ।
পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে তার স্বামী সাইফুল্লাহ তাকে ভবন থেকে ফেলে হত্যা করেছেন। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ওপর থেকে ফেলে দেওয়ার কোনো প্রমাণ মেলেনি।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলা করেছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মূল রহস্য উদঘাটিত হবে।’
এএইচ
