ঢাকা, রবিবার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

সুইজারল্যান্ডকে আটকে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কাতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ১৪ জুন ২০২৬ রবিবার

ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল সুইজারল্যান্ড। তবে অতিরিক্ত সময়ের শেষ সময় নাটকীয়ভাবে গোল করে সমতায় ফেরে কাতার। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র করে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট পেল মধ্যপ্রাচ্যের দেশটি।

ম্যাচের শুরু থেকেই কাতারকে চেপে ধরা সুইজারল্যান্ড কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছিল প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায়। ডি-বক্সের ভেতর ফাউল করায় ভিএআর চেকের মাধ্যমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো।

১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে অল-আউট ফুটবলের চেষ্টা করে কাতার। সুইজারল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জিদের কড়া রক্ষণভাগের সামনে বারবার তাদের আক্রমণগুলো থমকে যাচ্ছিল। 

ইনজুরি টাইমে সুইজারল্যান্ডের ডি-বক্সের ভেতর এক কাউন্টার অ্যাটাক থেকে সুইস রক্ষণভাগের চোখ ফাঁকি দিয়ে অবিশ্বাস্য এক গোল করে কাতারকে সমতায় ফেরায় বুয়ালেম খুখি। 

চার বছর আগে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে অভিষেক আসরে তিনটি ম্যাচেই পরাজিত হয়ে বিদায় নিয়েছিল কাতার। তবে এবার সেই হতাশার অধ্যায় পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট অর্জনের কীর্তি গড়ল তারা।

অন্যদিকে ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করেও শেষ মুহূর্তের ভুলে পূর্ণ তিন পয়েন্ট হাতছাড়া করতে হয়েছে সুইজারল্যান্ডকে। দুর্দান্ত পারফরম্যান্সের পরও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সুইসদের।

এএইচ