দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ১০:৪৩ এএম, ১৪ জুন ২০২৬ রবিবার | আপডেট: ১১:০৪ এএম, ১৪ জুন ২০২৬ রবিবার
চুয়াডাঙ্গার দর্শনা থানার জয়নগর সীমান্তে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে ৬ বিজিবি ব্যাটালিয়নের তৎপরতায় সেই চেষ্টা রুখে দেওয়া হয়। পরে তাদেরকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় বিএসএফ।
ঘটনাটি ঘটেছে আজ রোববার (১৪ জুন) ভোরে।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৭ নম্বর মেইন পিলার সংলগ্ন ভারতীয় অংশে ভোরের দিকে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে জড়ো করে বিএসএফ। উদ্দেশ্য ছিল তাদের বাংলাদেশে প্রবেশ করানো।
খবর পেয়ে দ্রুত সতর্ক অবস্থান নেয় বিজিবি সদস্যরা। স্থানীয় গ্রামবাসীরাও তাদের সঙ্গে যোগ দেন। পরিস্থিতি বুঝে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।
পরে জড়ো করা ১১ জনকে শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসএফের পক্ষ থেকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবি তা প্রতিহত করেছে এবং পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এএইচ
