বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০৮ পিএম, ১৪ জুন ২০২৬ রবিবার
রাজধানীর বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৪ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে বসিলা এলাকার বুড়িগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় ।
নিহত দ্বীপ মজুমদার বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী বলে জানা যায়।
সহপাঠীদের সূত্রে জানা যায়, গত পরশুদিন পারিবারিক বিষয়ে অভিমান করে তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে তার মা গতকাল শনিবার সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
লাশ উদ্ধারের পর আইনশৃঙ্খলাবাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) জানান, ‘লাশটি উদ্ধারের পর মিটফোর্ড হাসপাতালে (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল) ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’
এমআর//
