ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৬৫২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৭ পিএম, ১৪ জুন ২০২৬ রবিবার

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২ জনে।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে এই চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৬০ শিশু এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মৃত্যু হয়েছে ৯২ শিশুর। ফলে মোট মৃত্যুর সংখ্যা ৬৫২ জনে পৌঁছেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৫২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৫ হাজার ৯৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৭৫। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৩ জনে।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ হাজার ৫৭৯ জন। তাদের মধ্যে ৬৬ হাজার ৮৪১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এমআর //