বেনজীর আহমেদকে ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণের অনুরোধ আমিরাতের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২১ এএম, ১৫ জুন ২০২৬ সোমবার | আপডেট: ১০:২৯ এএম, ১৫ জুন ২০২৬ সোমবার
সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। আগামী ৩০ দিনের মধ্যে বেনজীর আহমেদকে ফিরিয়ে নিতে আনুষ্ঠানিক প্রত্যর্পণপত্র পাঠানোর জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে আমিরাত।
দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের কাছে বাংলাদেশের করা অভিযোগের ভিত্তিতে তাকে ১২ জুন গ্রেপ্তার করে দুবাইয়ের পুলিশ।
গ্রেপ্তারের পর সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘এনসিবি আবুধাবি’ থেকে বাংলাদেশ পুলিশের ‘এনসিবি ঢাকা’ শাখায় পাঠানো এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুযায়ী বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হলে তিনি আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
আইন অনুযায়ী, গ্রেপ্তারের পর ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমে লিখিতভাবে বাংলাদেশ সরকারকে একটি প্রত্যর্পণ অনুরোধ জমা দিতে হবে।
বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদের বিরুদ্ধে বর্তমানে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ১৪ কোটি ৬২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দেওয়া হয়েছে এবং বিচার কার্যক্রম চলছে। বাকি পাঁচটি মামলার তদন্ত এখনো চলমান।
এছাড়া সরকারি দায়িত্বে থাকা অবস্থায় তিনি জালিয়াতির মাধ্যমে একাধিক বেসরকারি পাসপোর্ট গ্রহণ করেছিলেন এমন অভিযোগও মামলার অংশ হিসেবে তদন্তে রয়েছে।
এএইচ
